• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাথরবোঝাই ট্রাক ছিনতাই, জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক সংঘর্ষ

সিলেট প্রতিনিধি    ৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক জব্দকে কেন্দ্র করে বিজিবি ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে জব্দ করা ট্রাকের মধ্যে তিনটি শ্রমিকরা জোর করে নিয়ে গিয়ে পাথর খালাস করে দেন। এ ঘটনার জেরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন শ্রমিকরা।

শুক্রবার (৪ জুলাই) ভোরে উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির একটি টহল দল শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে উত্তোলিত পাথরবোঝাই ৪টি ট্রাক জব্দ করা হয়।

পরে ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা জোরপূর্বক তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে পাথর নামিয়ে ফেলেন। তবে পাথর ফেলে পালিয়ে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে একটি ট্রাক আটক করতে সক্ষম হয় বিজিবি।

এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

৪৮ বিজিবির অধিনায়ক বলেন, “অবৈধ পাথরবোঝাই ট্রাক আটকের পর শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে (মব তৈরি করে) বিজিবির ওপর হামলার চেষ্টা চালান। এ সময় তারা শাবলসহ পাথর উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিজিবির ওপর চড়াও হন। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সদস্যদের নিরাপত্তার স্বার্থে শটগান দিয়ে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

তিনি আরও বলেন, “বিজিবি চারটি ট্রাক আটকে রাখলেও শ্রমিকেরা জোরপূর্বক তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যান। একটি ট্রাক আটকাতে সক্ষম হয়েছেন বিজিবি সদস্যরা।”

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ট্রাক আটকের জের ধরে শ্রমিকেরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছিলেন। প্রায় দুই ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করে নেন।”

ইউএনও আরও জানান, পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক ট্রাকের এক শ্রমিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মো. শওকত জামিল
৩ মিনিটে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা
ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ঢেউ। ছবি: সংগৃহীত
লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত