• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গ্রামবাসীর বিক্ষোভে যুবলীগ নেতা মুক্ত, থানায় রাতভর উত্তেজনা

পাবনা প্রতিনিধি    ৪ জুলাই ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুবলীগের এক সাবেক নেতাকে আটকের পর থানা ঘেরাও ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েকশ গ্রামবাসীর চাপ ও পুলিশের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত আটক রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।

আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুর সরকারের ছেলে এবং পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম পাটুলিপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে যান। পুলিশ তাকে নাশকতায় সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে আটক করে বলে জানা যায়।

স্থানীয়দের ভাষ্য, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে পাটুলিপাড়া গ্রামের একটি খাসজমি ও ছোট বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। গ্রামবাসীর অভিযোগ, ইউনুস সরকার সরকারি জমি দখল করে সেখানে একটি ঘর নির্মাণ করেছিলেন। পরে এলাকাবাসী সেই ঘর ভেঙে দিয়ে সেখানে পুনরায় মাছের বাজার বসান। একই সঙ্গে জায়গাটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড ঘোষণা করে ব্যানারও টাঙানো হয়।

অন্যদিকে ইউনুস সরকার ওই জায়গির মালিকানা দাবি করে রিপন সরকারসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

গ্রামবাসীর দাবি, বিরোধের ঘটনায় তাদের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করায় রিপন সরকারকে হয়রানির উদ্দেশ্যে আটক করা হয়েছে। তাদের ধারণা, ইউনুস সরকারের দায়ের করা অভিযোগের জের ধরেই পুলিশ তাকে থানায় নেয়।

রিপন সরকারকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় ৩০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রিপনের মুক্তির দাবিতে থানা চত্বরে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের থানা প্রাঙ্গণের বাইরে সরিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীদের শীর্ষ পাঁচ প্রতিনিধিকে নিয়ে ওসির কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, “নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা না পাওয়া ও গ্রামবাসীর বিক্ষোভ এবং দাবির কারণে তাকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মো. শওকত জামিল
৩ মিনিটে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা
ছবি: সংগৃহীত
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ঢেউ। ছবি: সংগৃহীত
লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত