• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শরিয়াহ গভর্নেন্স জোরদারে গুরুত্ব দিলেন গভর্নর

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পি.এম.
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশে ইসলামিক ব্যাংকিং সেবার প্রতি আমানতকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ পরিস্থিতিতে শরিয়াহ কাউন্সিলকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (আইবিআরপিডি)-এর যৌথ উদ্যোগে বিআইবিএম ক্যাম্পাসে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহ-সংক্রান্ত ভূমিকা’।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যাংকিং খাতে জনআস্থা ফিরিয়ে আনতে সুশাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরো ব্যাংকিং ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর ‘বাংলা কিউআর’ সারা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবে।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তার মতে, ব্যাংকের সংখ্যা একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনলে ব্যবস্থাপনা, তদারকি ও সার্বিক কার্যকারিতা আরও উন্নত হবে।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, দেশে ইসলামিক ব্যাংকিং দ্রুত সম্প্রসারিত হওয়ায় কার্যকর শরিয়াহ গভর্নেন্স ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, শরিয়াহ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করলে শুধু গ্রাহকের আস্থা বাড়ে না, বরং খাতটির স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নও নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও শরিয়াহ সুপারভিশন ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার করা গেলে আন্তর্জাতিক মানসম্পন্ন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিআইবিএম গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে বলেও তিনি জানান।

কর্মশালায় তিনটি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করা হয়, যা বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরা তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ইসলামিক ব্যাংকিংয়ের উন্নয়ন, সুশাসন এবং শরিয়াহ তদারকি আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ দেন।

অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে যুক্ত বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত
এলপিজির নতুন দাম ঘোষণা আজ
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন