বিদ্যালয় কক্ষেই প্রধান শিক্ষকের মাতলামি, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসি পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। হয়তো কেউ আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।’ এরপর সংবাদ পেয়ে তার স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে এক অভিভাবক বলেন, রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন যাবত তিনি নিজ কক্ষে নিচের চেয়ারে বসে মদপান করে চিৎকার চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। যে কারণে কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নুকালী বহুপাাশ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর গতকালই ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাকে শোকজ করেছেন।
তিনি আরও জানান, আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য