প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক সালমান ফারেসী।
তিনি জানান, র্যাবের সহযোগিতায় দুইজনকে ঢাকা থেকে, একজনকে চট্টগ্রাম এবং অপর একজনকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে এজাহারভুক্ত আসামি মাহমুদ ওমর ফারুক রবিন তাজ এবং মামুন লস্কার সরকারকে শুক্রবার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া মামুন লস্কারের বাড়ি মাগুরায়। তিনি আওয়ামী লীগের ‘বট বাহিনীর’ সক্রিয় সদস্য বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা রবিন তাজ নিজেকে জুলাইপন্থী হিসেবে পরিচয় দিতেন। তার ফেসবুক অ্যাকাউন্টে শরিফ ওসমান হাদিকে নিয়ে অসংখ্য পোস্ট পাওয়া গেছে। মামলার অপর দুই এজাহারভুক্ত আসামি হলেন জয়নায়ল আবেদিন মানিক ও জুয়েল রানা।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সহকারী নূর মোহাম্মদ বাদী হয়ে গুলশান থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, গত ১ জুলাই বিকাল আনুমানিক ৪টার দিকে আসামিরা পরস্পরের যোগসাজশে ফেসবুক এবং ‘BD BINODON BD’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রী ইসরাত শামস মলিকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও ভিত্তিহীন তথ্য প্রচার করে।
অভিযুক্তরা নিজেদের ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও লিংক শেয়ার করেন। এসব কনটেন্ট ভুক্তভোগীর পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পরিকল্পিতভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে এ অপপ্রচার চালানো হয়েছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা সময় লেগেছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারদের গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন বলেন, পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ, ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে। জানা গেছে, গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডনপ্রবাসী ‘ভুট্টো রব’ নামের এক ব্যক্তি প্রথম প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন। পরে পোস্টটি সরিয়ে ফেলা হলেও বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সম্প্রতি পুরোনো সেই কনটেন্ট আবারও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রচার করা হচ্ছে।
তদন্তকারীদের ধারণা, ‘আওয়ামী বট বাহিনী’ নামে পরিচিত একটি চক্র এ প্রচারণার সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার ইন্ধনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লার পলাতক আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মেয়র সূচনা বাহারের সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
এদিকে গ্রেপ্তারদের কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে পুলিশ। এসব ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করছেন বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।
তিনি বলেন, “জব্দ করা ডিভাইসগুলো বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই নেটওয়ার্কের সঙ্গে আরও কারা জড়িত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর সঙ্গে একটি বড় চক্র জড়িত আছে। আমরা তাদের পরিচয় উন্মোচন করার চেষ্টা করছি।”
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য