পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন আনসার সদস্যের সন্তানের ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন বাহিনীর জন্য এক গৌরবময় ও অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে বিবেচিত হয়েছে।
এ সাফল্যকে সম্মান জানাতে সোমবার (৬ জুলাই) দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের ছেলে এবং নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মো. বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সংবর্ধনার মাধ্যমে বাহিনী তাঁর অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সদস্যদের পরিবারে শিক্ষা, মেধা ও দেশসেবার মূল্যবোধ বিকাশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়া নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মো. বাচ্চু রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় তিনি বলেন, একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের এ গৌরবোজ্জ্বল অর্জন শুধু তার পরিবারের নয়, বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যের জন্যই গর্বের বিষয়।
তিনি আরও বলেন, এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং দেশসেবায় আত্মনিয়োগের প্রেরণা জোগাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মো. বাচ্চু রহমান তার এ অর্জনের পেছনে পিতা-মাতার অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, তার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। পাশাপাশি পরিবারের অবিচল সমর্থন এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন বলে উল্লেখ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মোঃ বাচ্চু রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
বাহিনী মনে করে, তার এই অনন্য অর্জন প্রমাণ করে যে সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও পারিবারিক মূল্যবোধের সমন্বয় তরুণদের জাতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পথ সুগম করে। একই সঙ্গে এ সাফল্য বাহিনীর সদস্যদের সন্তানসহ দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, মেধা বিকাশ এবং দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করে ভবিষ্যতে দক্ষ, সৎ ও দায়িত্বশীল রাষ্ট্রসেবক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য