• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পানিসম্পদ ব্যবস্থাপনায় এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পি.এম.
সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ভিওডি বাংলা
সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও নেদারল্যান্ডস পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে একমত হয়েছে। দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান, গবেষণা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।  

বৈঠকে পানিসম্পদ মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানিসম্পদ উন্নয়নে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের মধ্যে আধুনিক প্রযুক্তি বিনিময়, গবেষণা কার্যক্রম, বিশেষজ্ঞ প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। পাশাপাশি প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি মূল্যায়ন শেষ হলে তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদনের আশা প্রকাশ করেন তিনি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি উল্লেখ করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের পানি খাতে সহযোগিতার ইতিহাস দীর্ঘদিনের। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমে বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস-উভয় দেশই ব-দ্বীপভিত্তিক হওয়ায় পানিসম্পদ ব্যবস্থাপনায় অনেক অভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ কারণে নদী সংরক্ষণ, তীরভাঙন প্রতিরোধ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে ডাচ সরকার আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতের মতো ভবিষ্যতেও অংশীদার হিসেবে কাজ করবে।

বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মোহা. এনামুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৫৪৪
ছবি: সংগৃহীত
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
টেকনাফ-সেন্টমার্টিন নৌ চলাচল বন্ধ