দামেস্কে ফরাসি প্রেসিডেন্টের হোটেলে বিস্ফোরণ, আহত ১৮

সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার (৭ জুলাই) পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরণগুলোর একটি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানস্থলের কাছাকাছি এলাকায় ঘটে। তবে ফরাসি প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং তার নির্ধারিত রাষ্ট্রীয় সফরে কোনো পরিবর্তন আনা হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানীর পর্যটন মন্ত্রণালয় এবং একটি অভিজাত হোটেলের আশপাশে বিস্ফোরণগুলো ঘটে। ওই হোটেলেই ম্যাক্রোঁর অবস্থানের কথা ছিল। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে দেশটিতে সফর করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণের পর ঘটনাস্থলের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। তবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর নির্ধারিত সময়েই প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নেন ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ নিরাপদ স্থানে ছিলেন। বৈঠকে যাওয়ার পর তিনি কোনো বিস্ফোরণের শব্দও শোনেননি। ফলে তার সফরসূচি পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই চলছে।
সিরিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর একটি ব্যস্ত সড়কে বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হলেও এর প্রকৃত লক্ষ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ করে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাতের পর ম্যাক্রোঁর গাড়িবহরকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য