• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টঙ্গীতে নারীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৯:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারী যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে টঙ্গীর কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া ঝিলানী মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে তিন সদস্যের একটি ছিনতাইকারী চক্র। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় তারা।

এ সময় এক নারী যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় আহত নারীর আর্তনাদ এবং ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য দেখা যায়।

ভিডিওটি পুলিশের নজরে এলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান শুরু করে। রাতভর অভিযানে ঘটনায় জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জুলাইয়ের আগের দৃশ্যই এখনো দেখছি: সারজিস আলম
ফাইল ছবি
পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা
ফাইল ছবি
থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার