• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর নির্দেশ

আমিন বাজার–হেমায়েতপুর সড়কে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৩:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রায় ২০ বছর ধরে অব্যবস্থাপনা ও দুর্গন্ধে ভোগা আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি পরিষ্কার ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।

গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার–হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ প্রধানমন্ত্রীর নজরে আসে। তখন তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জেলা প্রশাসক, ঢাকাকে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

চলমান কার্যক্রম পরিদর্শনে আজ শনিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জেলা প্রশাসক ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। তাঁরা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে ফেলা ময়লা অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। একই সঙ্গে বালি ও মাটি দিয়ে রাস্তার দুই পাশ ভরাট করে ঢাল (স্লোপ) তৈরি করা হচ্ছে, যাতে বৃষ্টির পানিতে মাটি ক্ষয় না হয়।

সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন করে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য রাস্তার দুই পাশে উঁচু বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি শুধু দুর্গন্ধমুক্তই হবে না, বরং পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে পরিণত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের পরিবেশ দূষণ কমে জনসাধারণের চলাচল আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হবে।

ভিওডি বাংলা/সবুজ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীকেন্দ্রিক চিকিৎসা নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: ভিওডি বাংলা
সেলফি উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নিজেও
ছবি: ভিওডি বাংলা
শিক্ষা ও চিকিৎসাকে ব্যবসার ঊর্ধ্বে আনতে হবে: আবদুস সালাম