ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এক শোকবার্তায় তিনি প্রবীণ এই রাজনীতিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি, আইনাঙ্গন এবং সংসদীয় গণতন্ত্রের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি সততা, প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে জাতীয় সংসদের স্পিকার হিসেবে তাঁর দায়িত্ব পালন সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, স্পিকার হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নিরপেক্ষতা, দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি যে অবদান রেখে গেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের নিবেদিতপ্রাণ অভিভাবককে হারিয়েছে।
মন্ত্রী বলেন, মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০০১ সালে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় এলে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও নিরপেক্ষ ভূমিকা রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল।
ভিওডি বাংলা/জা








মন্তব্য