• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুপ্তধারা ঝর্ণায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি    ১২ জুলাই ২০২৬, ০৩:০০ পি.এম.
উদ্ধারের আগে সুপ্তধারা ঝর্ণা এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
উদ্ধারের আগে সুপ্তধারা ঝর্ণা এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সুপ্তধারা ঝর্ণা এলাকায় ঘুরতে গিয়ে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ছড়ার পানিতে আটকা পড়া চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আব্দুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, তার ছোট ভাই সাকিব (২২) এবং আরও তিন বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কে ভ্রমণে গিয়েছিলেন। সুপ্তধারা ঝর্ণা থেকে ফেরার সময় টানা বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ হঠাৎ পানিতে তলিয়ে গেলে তারা পথ হারিয়ে আটকা পড়েন।

আটকে পড়া চারজনই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানান কলকারী। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করায় তাদের নিজেদের পক্ষে নিরাপদে বের হয়ে আসা সম্ভব হচ্ছিল না।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯ থেকে বিষয়টি সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানানো হয়। জরুরি কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার এএসআই শরিফুল ইসলাম। উদ্ধার কার্যক্রমের পুরো সময় ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করেন।

পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল প্রবল বৃষ্টির মধ্যেই অভিযান শুরু করে। প্রায় তিন কিলোমিটার দুর্গম পাহাড়ি ঝিরিপথ হেঁটে তারা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি মূল্যায়নের পর শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনে রাত ৮টা ১০ মিনিটে নিরাপদ স্থানে নিয়ে আসে উদ্ধারকারীরা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সময়মতো খবর পাওয়ায় দ্রুত অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে এবং চার শিক্ষার্থীই সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন।

বর্ষা মৌসুমে পাহাড়ি ঝর্ণা ও ছড়ায় আকস্মিক পানির প্রবাহ কয়েক মিনিটের মধ্যেই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই আবহাওয়া প্রতিকূল থাকলে এসব এলাকায় ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত
সরকার বন্যাদুর্গতদের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
টেকনাফে আহত হাতিকে চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর