নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মোহাম্মদ জুম্মন জানান, বিকেলের বাসার সামনে বড় বোন ফাতিমা আক্তারের সঙ্গে খেলছিল আদিবা, খেলার একপর্যায়ে আদিবা হঠাৎ দৌড়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে বোন ফাতিমা দ্রুত বাসায় গিয়ে তার মাকে খবর দিলে, তার মা এসে আদিবাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জের ফতুল্লা মোস্তাফিজ সেন্টার নামের একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত আদিবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা নিকলী থানার গৌরীপুর গ্রামের মোকলেস হোসেনের মেয়ে। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পরিবারের সঙ্গে থাকতেন। দুই বোনের মধ্যে আদিবা ছিল ছোট। নিহতের বাবা পেশায় একজন ট্রাক ড্রাইভার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।








মন্তব্য