• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা পুনরায় সাইন্সল্যাব এলাকায় জড়ো হয়ে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এর আগে দিনের প্রথম ভাগে সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করেন। পরে বিকেলে আবারও সাইন্সল্যাবে ফিরে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. আবদুল্লাহ বলেন, "এবারের পরীক্ষার রুটিনে কঠিন বিষয়গুলোর মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। শিক্ষামন্ত্রী একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে আমরা পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবিগুলো বারবার উপেক্ষা করা হয়েছে। তাই আমরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, তিনি যেন বর্তমান শিক্ষামন্ত্রীকে অপসারণ করে একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেন।"

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান এবং প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তবে পুলিশের এ প্রস্তাব গ্রহণ করেননি আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ও স্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত সাইন্সল্যাব এলাকায় তাদের অবস্থান কর্মসূচি চলবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বকেয়া বাসাভাড়ার জন্য মারধরে ব্যবসায়ী নিহত, আটক ২
ছবি: ভিওডি বাংলা
নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের