বিজিবির অভিযানে আটটি সোনার বারসহ আটক ১

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃতদের নাম মো. মিজানুর রহমান (৬১)। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ন্যায্যমূল্য হাসান মুন্সিপুর বিওপিকে সতর্ক করেন এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করেন।
বুধবার দুপুরে মিজানুর মোটরসাইকেল যোগে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে বিজিবির টহলদল তাকে থামায়।
ঘটনাক্রমে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে সোনা বহনের কথা স্বীকার করেন। এরপর তাকে তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়।
সোনার বারের পাশাপাশি আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ন্যায্যমূল্য হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করার এবং উদ্ধারকৃত সোনা সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য