ফিফার পেজে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের ছবি

বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো জনপ্রিয় দলগুলোর সমর্থনে দেশের বিভিন্ন এলাকায় দেখা যায় রঙিন আয়োজন, বিশাল পতাকা এবং দর্শকদের ব্যতিক্রমী উচ্ছ্বাস। সেই আবেগই আবারও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। পোস্টটিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উচ্ছ্বাসের দৃশ্যের পাশাপাশি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ছবিও যুক্ত করা হয়েছে।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ থেকে বুয়েনস আইরেস’। সংক্ষিপ্ত এই বার্তার মধ্যদিয়েই বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের আবেগঘন সংযোগকে তুলে ধরেছে ফিফা।
ছবি প্রকাশের পরপরই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এটি নিজেদের টাইমলাইনে শেয়ার করেন এবং ফিফার এমন স্বীকৃতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরাও মন্তব্যের ঘরে বাংলাদেশের সমর্থকদের আবেগ, উদ্দীপনা ও ফুটবলপ্রেমের প্রশংসা করেন।
এর আগেও একাধিক বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল উন্মাদনা ফিফার নজর কেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিশাল আকৃতির আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ওড়ানো, রঙিন শোভাযাত্রা এবং খেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ফিফাও বিভিন্ন সময়ে তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে সেই দৃশ্য তুলে ধরে বাংলাদেশের ফুটবলপ্রেমের অনন্য দৃষ্টান্ত বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য