থালাপতির শেষ সিনেমার জন্য মুক্তি স্থগিত ২ সিনেমার

থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'জন নয়াগণ' মুক্তিকে ঘিরে তামিলনাড়ুতে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ২৩ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। আর এই ছবির জন্য বক্স অফিসে সরাসরি প্রতিযোগিতা এড়াতে নিজেদের মুক্তির সূচি পরিবর্তন করেছে আরও দুটি তামিল সিনেমা।
১৭ জুলাই মুক্তির কথা ছিল অলৌকিক হরর-থ্রিলার 'ইমর্টেল' এবং 'ক্রাইম থ্রিলার দ্য ডার্ক হেভেন'। তবে প্রেক্ষাগৃহের মালিক ও পরিবেশকরা 'জন নয়াগণ'-কে অধিকাংশ স্ক্রিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সম্ভাব্য ব্যবসায়িক ক্ষতি এড়াতে দুই ছবির নির্মাতারা মুক্তি স্থগিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে অভিনেতা ও সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমার বলেন, ‘থালাপতি যখন আসছেন, তখন তো আমাদের একপাশে সরে দাঁড়াতেই হবে। বিশেষ করে এবার যখন তার শেষবারের মতো আসা! ‘জন নয়াগণ’ টিমের জন্য অনেক শুভকামনা, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের 'ইমর্টেল'।’
রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেওয়ার পর 'জন নয়াগণ'কে থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। তাই ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, আর সেই প্রভাবই পড়েছে তামিলনাড়ুর প্রেক্ষাগৃহের মুক্তির সূচিতে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য