দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

একসময় ছোটপর্দার নিয়মিত ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুমাইয়া শিমু। একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।
এর আগে নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফিরেছিলেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দসই চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফিরতে চান।
অবশেষে সেই প্রত্যাবর্তন ঘটছে ধারাবাহিক নাটকের মাধ্যমে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন সুমাইয়া শিমু।
তবে নাটক কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী। একইভাবে বিষয়টি নিয়ে নীরব রয়েছেন নির্মাতা রাজও।
জানা গেছে, সম্প্রতি রাজ নির্মিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। বর্তমানে চলছে নাটকটির শুটিং প্রস্তুতি। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শিমুর পাশাপাশি নাটকের অন্য অভিনয়শিল্পীদের নামও পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।
উল্লেখ্য, সুমাইয়া শিমুর অভিনয়জীবনে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটক। এর মধ্যে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ উল্লেখযোগ্য। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য