২০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনে জীবিত উদ্ধার
নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে প্রায় ২০ ফুট গভীরে আটকা পড়া এক শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে নিরাপদে বের করে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২২ জুলাই) রাত ৮টা ৫৭ মিনিটে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, শান্তিপুর এলাকায় হারুন মিয়ার বাড়িতে সেফটি ট্যাংক খননের সময় হঠাৎ মাটি ধসে একজন শ্রমিক নিচে চাপা পড়েছেন। তিনি দ্রুত উদ্ধার সহায়তার আবেদন জানান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে জানায়। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করা হয়। পরে নরসিংদী ও বেলাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ডিএম শিমুল মোহাম্মদ রাফির নেতৃত্বে পরিচালিত অভিযানে এক্সকাভেটরের সাহায্যে ধসে পড়া মাটি সরিয়ে প্রায় ২০ ফুট গভীর থেকে আটকে থাকা শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শ্রমিকের নাম মোশারফ হোসেন (৪০)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। প্রাথমিক উদ্ধার শেষে তাকে দ্রুত বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য