চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ৪৭ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির সঙ্গে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিরলোর নিয়োগের বিষয়টি এখন প্রায় নিশ্চিত।
সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে সফল ক্যারিয়ার গড়েছেন তিনি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিভাগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পিরলো। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সময়ে ক্লাবটিকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা এনে দেন।
পিরলোর সঙ্গে চুক্তির খবর আসার কয়েক ঘণ্টা আগে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও ইতালির পরিকল্পনায় সাড়া দেননি এই স্প্যানিশ কোচ।
গত এপ্রিলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ইতালির কোচের পদ ছাড়েন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে দেশটির ফুটবল ফেডারেশন। পিরলো ও গার্দিওলার পাশাপাশি ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালির নীতিনির্ধারকরা।
ভিওডি বাংলা/আ









মন্তব্য