সিরিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কের আল-সুখনাহ ও প্রাচীন শহর পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আক্রান্ত দুটি বাসে মধ্যে একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হোমস সামরিক হাসপাতালে নেওয়ার জন্য কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থাতেও পড়েছে। ফলে দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
এর আগে গত বছরের অক্টোবর মাসে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য