স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা চূড়ান্ত করতে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে সংবাদপত্রের সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সাংবাদিক ও গণমাধ্যমের জন্য প্রণয়নাধীন নীতিমালা চূড়ান্ত করতে সম্পাদকদের মতামত ও সহযোগিতা প্রয়োজন।
একই সঙ্গে তিনি সম্পাদকদের উদ্দেশে বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে উপস্থাপন করা উচিত, যাতে সাধারণ মানুষ সরকারের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা পায়।
বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মারুফ কামাল খান সোহেল, সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, শফিকুল আলম ও শহিদুল ইসলাম।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য