• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাদ্য উপদেষ্টা

নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে

   ১৯ মে ২০২৫, ০৬:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা নিজ-নিজ ঘর থেকে শুরু করার আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে। 

সোমবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের ৯ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। অর্থাৎ খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত যে কেউ খাদ্যকে অনিরাপদ করতে পারেন। অনিরাপদ খাদ্য সবসময়ই শরীরের সুস্থতার জন্য হুমকিস্বরূপ। নিরাপদ খাবারের ব্যাপারে সচেতনতার বিকল্প নেই। আর এই সচেতনতা শুরু করতে হবে নিজ-নিজ ঘর থেকে। নিরাপদ খাদ্য নিশ্চিতে মাত্রই আমরা কার্যক্রম শুরু করেছি, কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর।

তিনি বলেন, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে। শুধু আইন, বিধি প্রয়োগ করে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে না। এ জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।

খাদ্য উপদেষ্টা বলেন, জাপান সরকারের অর্থায়নে ১০ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দু’টি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে। দেশের অন্য বিভাগেরও নিরাপদ খাদ্য নিশ্চিতে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির চেষ্টা চলছে।

সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিবিধান ও জাতীয় নিরাপদ খাদ্য সংক্রান্ত নির্দেশনাগুলো দ্রুত অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধিসহ এর কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং গতিশীল করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল