রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মতাদর্শগত বিভক্তির কারণে দীর্ঘদিনেও সম্ভাবনাময় এই প্রকল্প বাস্তবায়ন হয়নি। তবে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে একমত হয়ে এগিয়ে আসতে হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, মার্কেট নির্মাণ হলে শেয়ারহোল্ডারসহ সবাই উপকৃত হবেন। তাই নতুন দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এবার যেন মার্কেটের কাজ শুরু হয় এবং শেয়ারহোল্ডাররা তাদের প্রাপ্য সুবিধা পান।
তিনি বলেন, প্রকল্পটি আর পিছিয়ে রাখা উচিত নয়। সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে আরও মার্কেট কিংবা আবাসন প্রকল্প গড়ে তোলার সক্ষমতা তৈরি হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, মূল্যবান জায়গা থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে না পারা আমাদের ব্যর্থতা। তাই সব মতবিরোধ দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।
তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ দায়িত্বশীলদের শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং মার্কেট নির্মাণ—উভয় বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ছোট পরিসর থেকে হলেও কাজ শুরু হলে ধীরে ধীরে সবাই এর সুফল পাবেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস








মন্তব্য