শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে তরুণদের কেজরিওয়ালের অভিনন্দন
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির তরুণদের অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার (২৫ জুলাই) এক ভিডিওবার্তায় কেজরিওয়াল বলেন, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের দেশের জেন-জিদের অনেক অভিনন্দন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আপনাদের সংগ্রাম সফল হয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে।
তিনি বলেন, এটি আমাদের গণতন্ত্রের একটি বড় বিজয়। দেশের মানুষের গণতন্ত্রের ওপর থেকে আস্থা উঠে যাচ্ছিল। মানুষের মনে হচ্ছিল, সরকার জনগণের কথা শোনে না। জনগণ সরকারের সামনে চিৎকার করে, অনুরোধ করে, হাতজোড় করে, এমনকি পায়ে ধরেও আবেদন জানায়, তবুও সরকার কথা শোনে না।
কেজরিওয়াল আরও বলেন, এত বড় আন্দোলনের পর শেষ পর্যন্ত সরকারের অহংকার নত হয়েছে। জনগণের সামনে সরকারকে মাথা নত করতে হয়েছে। এটি গণতন্ত্রের বড় বিজয়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন সরকারের বোঝা উচিত যে, জনগণের কথা শুনতে হবে। এটাই গণতন্ত্র। গণতন্ত্র জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার নিট পরীক্ষার পুরো ব্যবস্থাকে সংস্কার করবে, যাতে আগামী বছর থেকে আর প্রশ্নফাঁস না হয়। এই দেশের কোনো শিক্ষার্থীকে আর আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে না হয়।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছিল।
ভিওডি বাংলা/আর









মন্তব্য