আম ব্যবসায়ীদের জন্য শনিবারও খোলা ব্যাংক

রাজশাহী বিভাগের বিভিন্ন আমবাজারকে কেন্দ্র করে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। আম ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে এবং নগদ অর্থের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের শাখা বা উপশাখা খোলা রাখার জন্য তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী আমবাজার বসেছে। এসব বাজারে প্রতিদিন বড় অঙ্কের নগদ লেনদেন হওয়ায় ব্যাংকিং সেবা সচল রাখা প্রয়োজন।
এ ব্যবস্থার আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমবাজারসংলগ্ন তফসিলি ব্যাংকের শাখাগুলো সীমিত পরিসরে সেবা দেবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব শাখায় পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণের ঝুঁকি কমানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোকে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে সেবা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য