বনানীতে পাওনা টাকা চাওয়াতে হামলা, আহত ৩

রাজধানীর বনানীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, দীর্ঘদিনের দেনা-পাওনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফ নামে এক ব্যক্তির নেতৃত্বে ৮ থেকে ১০ জন সুমন ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সুমন পরিবারসহ মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য