ব্রাজিলের বিদায় গ্যালারিতে বসে উদযাপন মেহজাবীনের

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের সাক্ষী ছিলেন গ্যালারিতে বসেই। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রসিকতাপূর্ণ পোস্ট করে ব্রাজিলের বিদায় উদযাপন করেন তিনি।
ম্যাচ চলাকালীন ও শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন মেহজাবীন। গ্যালারি থেকে তোলা নিজের কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়।
ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ের পর মেহজাবীনের ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে।
উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য