একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, এখনো সময় আছে ভাবার: ফখরুল

মহান মুক্তিযুদ্ধে দলটির ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান স্পষ্ট করার।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপেক্ষা করার চেষ্টা করছেন। বিভিন্নভাবে আমাদের ক্ষুব্ধ করারও চেষ্টা করছেন। আমি মনে করি, এই সময়টা সঠিক নয়। নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার।’
তিনি বলেন, ‘একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। সেটা করলে আজকের সমস্যাগুলো তৈরি হতো না। কিন্তু আপনারা তা করেননি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘উপরন্তু আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন, একাত্তরে আমরা ভুল করিনি। এখনো সময় আছে, বিষয়টি ভেবে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান স্পষ্ট করে দেশবাসীকে জানানো উচিত। আমি এর বেশি কিছু বলতে চাই না। একাত্তর সম্পর্কে আপনারা পরিষ্কার অবস্থান জানান না।’
এ সময় বিরোধী দলের সদস্যদের দিক থেকে মন্তব্য এলে তিনি বলেন, ‘আপনারা পরিষ্কার করে বলেন না। আমি আজ পর্যন্ত শুনিনি, অন্যরাও শোনেনি। আপনারা যদি এটা স্বীকার করে নেন, তাহলে রাজনীতি করা আরও সহজ হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তারা এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। আমি আশা করব, তারা (এনসিপি) তাদের রাজনীতির অবস্থান আরও স্পষ্ট করবে।’
নবীন রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এনসিপির এই নবীন রাজনীতিবিদদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা চাই তারা ভালো করুক। তবে এমন কোনো কলঙ্ক নিয়ে তারা রাজনীতিতে না থাকুক, যা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে অস্বীকারের সঙ্গে জড়িত।’
ভিওডি বাংলা/আ








মন্তব্য