সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন পরিচালকের অনুরাগী হৃদয় খান বাদশাহ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর ছয়টার দিকে নিজের ফেসবুকে বাদশা পোস্ট করেন, ‘চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বেগুনবাড়ি মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় কিছুক্ষণ আগে দুর্ঘটনাটি ঘটে। নিকেতনে নিজ বাসায় ফেরার পথে বেগুনবাড়ি মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।’
বাদশাহ জানান, ‘প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে, তার বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পর তিনি কষ্ট করে আমাকে ফোন করে বিষয়টি জানান। আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত এবং অন্য কোথাও হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিতভাবে জানা যাবে।’
এরপরের পোস্টে আহত এফ আই মানিকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বাদশাহ আরো লিখেছেন, ‘এফ আই মানিক ভাইয়ের প্রাথমিক চিকিৎসা চলমান। এক্সরে এবং প্লাস্টারের প্রক্রিয়া চলছে।’
এ প্রসঙ্গে পরিচালক অপূর্ব রানা জানান, ‘এফ আই মানিক ভাইয়ের এক্সিডেন্টের খবর আমিও সামাজিক মাধ্যম থেকে পেয়েছি। গতকাল সোমবার দিবাগত রাতে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেনেছি। যে ছেলেটি খবরটি জানিয়েছে সে মানিক ভাইয়ের একজন ভক্ত। এর আগে পরিচালক অসুস্থ থাকাকালীন হৃদয় খান বাদশাহ দেখাশোনা করেছে।’
‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘চাচ্চু’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার পরিচালক এফআই মানিক। তার সিনেমা ‘কোটি টাকার কাবিনে’র মাধ্যমে শুরু শাকিব খান-অপু বিশ্বাস জুটির।
ভিওডি বাংলা/ তা








মন্তব্য