• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মশার বিরুদ্ধে লড়াইয়ে ঢাবির পাশে ডিএসসিসি প্রশাসক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে মশামুক্ত রাখতে দুই আবাসিক হলে ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।

মঙ্গলবার ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল’ ও ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে ১টি করে ফগার মেশিন হস্তান্তর করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালাম।

তিনি দুইটি আবাসিক হলের প্রতিনিধিদের কাছে ফগার মেশিন হস্তান্তর করে আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরাই নিজ নিজ এলাকায় মশা নিয়ন্ত্রণে এগুলো ব্যবহার করবেন।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে। ফুলের টব, ছাদ, ড্রেন কিংবা অন্য যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু একটি প্রাণঘাতী মশাবাহিত রোগ উল্লেখ করে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আগাম প্রস্তুতি নেওয়ায় ঢাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । বিশেষ করে শিক্ষার্থীদের নিজ নিজ হল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেটসহ আশপাশের এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া হয়েছে। আগে বিডিআরের (বর্তমান বিজিবি) ভেতর দিয়ে পানি নিষ্কাশনের একটি পথ ছিল, যা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে সেই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, কোথাও তাৎক্ষণিকভাবে পানি জমে গেলে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করা হবে। তবে বর্ষাকালে বৃষ্টি হবেই, তাই বাস্তবতা মেনেই সমস্যার মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে ৫০০টি গাছ দেওয়ার ঘোষণা দেন। 

তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে এসব গাছ হস্তান্তর করা হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে ক্যাম্পাসকে আরও সবুজ করে তুলবেন।

আবদুস সালাম বলেন, বর্তমান সরকার ঢাকাকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে। এক মাস, দুই মাস বা এক বছরে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলেন। জুলাইকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থাকে অটুট রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আবদুস সালাম বলেন, জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা এবং সেই চেতনাকে ধারণ করেই জনগণের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। 

ডিএসসিসি প্রশাসক দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, অহেতুক অরাজকতা সৃষ্টি কিংবা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার মতো কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়। ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার