• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জলাবদ্ধতায় পরীক্ষা, কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক ওএসডি

  কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০২:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনায় আলোচনার পর কলেজটির সাত শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাঁদের দেশের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমেনা বেগম।

প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজটির উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

কলেজ সূত্র জানায়, উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম সরাসরি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন না। গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক।

এর আগে গত ১৩ জুলাই টানা বর্ষণে কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ নগরীর বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’-এর সহযোগিতায় নৌকা ও ভ্যানে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

পরে ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজ পরিদর্শন করে জলাবদ্ধতা ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আমেনা বেগম বলেন, বদলি সরকারি চাকরির একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কোনো কর্মকর্তাকে যেকোনো সময় বদলি করতে পারে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সাত শিক্ষককে ওএসডি ও বিভিন্ন কলেজে সংযুক্ত করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ দেশের সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ
ছবি: সংগৃহীত
ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন