• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফাতিমাকে আফগানিস্তানে বিশেষ দূত করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৯:৫৫ এ.এম.
রাবাব ফাতিমা। ছবি: সংগৃহীত
রাবাব ফাতিমা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ-সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে। পরিষদের অনুমোদন মিললে তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর প্রধান ও মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম অ্যারিয়ানা নিউজ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ শিগগিরই মনোনয়নটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। অনুমোদন পাওয়া গেলে বর্তমান বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন রাবাব ফাতিমা।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের জুন মাস থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন এবং উন্নয়ন, জলবায়ু, আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

রাবাব ফাতিমার কূটনৈতিক ক্যারিয়ার প্রায় চার দশকের। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং পরে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাতিসংঘে দায়িত্ব পালনকালে রাবাব ফাতিমা একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামের নেতৃত্ব দিয়েছেন। তিনি শান্তিবিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। পাশাপাশি ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহসভাপতির দায়িত্ব পালন করে উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।

কূটনৈতিক দায়িত্বের বাইরে কমনওয়েলথ সচিবালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এও গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাবাব ফাতিমার। আন্তর্জাতিক অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং বহুপাক্ষিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার কারণে আফগানিস্তানে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮
চীনে খামার থেকে পালিয়েছে ৯০০ সাপ
চীনে খামার থেকে পালিয়েছে ৯০০ সাপ
ছবি: সংগৃহীত
ইরানের রেলসেতুতে মার্কিন হামলা