• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের বড় ঘোষণা

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পাশাপাশি স্টার্টআপ খাতের উদ্যোক্তাদের জন্য মাত্র ৪ শতাংশ সুদে ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে সরকারের এসব উদ্যোগ তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী জানান, তরুণ ও নতুন উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।

তিনি বলেন, এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে কোনো জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আর জামানত প্রদান করলে একই স্কিমের আওতায় সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকবে।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আলাদা সুবিধার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ নামে পৃথক একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ নামমাত্র সুদে ঋণ সুবিধা পাবেন।

তিনি আরও জানান, ঋণের পাশাপাশি সম্ভাবনাময় স্টার্টআপে ইক্যুইটি বিনিয়োগের সুযোগও তৈরি করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে স্টার্টআপগুলো সরাসরি মূলধনী বা ইক্যুইটি বিনিয়োগ গ্রহণ করতে পারবে।

বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কেও সংসদকে অবহিত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের স্বল্প সুদে ঋণ দিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকার একটি তহবিল পরিচালিত হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ তহবিলের কার্যক্রম ২০২৫ সালের ১৪ জুলাই সফলভাবে শেষ হয়েছে।

তিনি আরও জানান, ওই কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমানে ১ হাজার ২০০ কোটি টাকার নতুন একটি তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
টেলিটক বিক্রি হচ্ছে না, স্পষ্ট করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
‘বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান