নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন জনপদের পাশে হিল ভিডিপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া একটি সড়ক সচল করেছেন হিল ভিডিপি সদস্যরা। টানা ভারী বর্ষণে বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কম্বুনিয়া জারুলিয়া রাস্তার পাশে পাহাড় ধস হয়। এতে ঐ অঞ্চলের প্রায় ১০০ পরিবারের একমাত্র যাতায়াত মাধ্যমটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
খবর পেয়ে ভিডিপি প্লাটুন কমান্ডার কামাল মিয়া তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রশিক্ষকের মাধ্যমে বান্দরবান জেলা কমান্ড্যান্টকে জানান। তিনি দ্রুত মাটি ও গাছপালা সরানোর দিক-নির্দেশনা দিলে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকেই কামাল মিয়ার নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা সড়ক সচল করার তৎপরতা শুরু করেন।
প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে সদস্যরা কুড়াল ও কোদাল হাতে সড়কে জমে থাকা কাদা-মাটি সরিয়ে নেন। একই সাথে উপড়ে পড়া গাছপালা কেটে রাস্তা থেকে দ্রুত অপসারণ করেন। তাদের এই সমন্বিত ও স্বেচ্ছাশ্রমের প্রচেষ্টায় সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে।
দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় হিল ভিডিপির এমন দ্রুত ও কার্যকর উদ্যোগ তৃণমূল জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য