সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে জেলার প্রধান নদ-নদীগুলোর পানির স্তর বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ছাতকে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া লাউরেরগড়ে ৫৮ মিলিমিটার, সুনামগঞ্জ সদরে ৫২ মিলিমিটার এবং দিরাইয়ে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার কোথাও নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের বন্যা পরিস্থিতি বুলেটিনে জানানো হয়েছে, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর রয়েছে ৮ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে। একই নদীর সুনামগঞ্জ সদর পয়েন্টে পানির স্তর ৭ দশমিক ৩২ মিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।
এ ছাড়া শক্তিয়ারখলার লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২৪ মিটার, যা বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে। দিরাই পয়েন্টে কালনী নদীর পানির স্তর ৫ দশমিক ৯৮ মিটার, অর্থাৎ বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে। অন্যদিকে জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে পানির স্তর যথাক্রমে ৬ দশমিক ৫১ ও ৬ দশমিক ৪৪ মিটার হলেও এ দুটি পয়েন্টের জন্য কোনো বিপৎসীমা নির্ধারণ করা হয়নি।
পাউবো জানিয়েছে, উজানের এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে নদ-নদীর পানির স্তর আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য