ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে এবার মুখ খুলেছেন টলিউড অভিনেতা জিৎ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, বিষয়টি এখন আর শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের আশা, স্বপ্ন ও বিশ্বাসের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জিৎ লেখেন, ‘নিট সংক্রান্ত সমস্যাটি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমাদের শিক্ষার্থীরা উত্তর, ন্যায় বিচার এবং সর্বোপরি এই আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য যে তাদের কঠিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা হবে সব সময়। এই আন্দোলনের মাধ্যমে সঠিক বিচার আসুক, রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার জন্য এই আন্দোলন যেন না করা হয়।’
ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন। এই ইস্যুতে এরই মধ্যে বলিউড ও টলিউডের একাধিক তারকাও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
ভিওডি বাংলা/তা









মন্তব্য