• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ দিয়ে আবারও ফিরলেন মুনমুন

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েক বছরের বিরতির পর আবারও উপস্থাপনায় ফিরেছেন রুমানা মালিক মুনমুন। কানাডায় স্থায়ী হওয়ার পর দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে থাকলেও দেশে ফিরে নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন মুনমুন। তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেকের পর নাটকেও অভিনয় করেন। তবে উপস্থাপক হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানটি তাকে দর্শকের কাছে আলাদা পরিচিতি এনে দেয়।

সম্প্রতি এক পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, গবেষণানির্ভর ও অর্থবহ কোনো অনুষ্ঠান পেলে আবার উপস্থাপনায় ফিরতে চান। সেই ভাবনারই বাস্তব রূপ নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’, যেখানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জুয়েল আইচ, নাসরীন জাহান, রফিক আজমসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন।

অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন সাজ্জাদ হুসাইন। তিনি জানান, অনুষ্ঠানটির জন্য বেশ কয়েকজন উপস্থাপকের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত মুনমুনকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তিনি অনুষ্ঠানটির ভাবনা ও উপস্থাপনার ধরন খুব সহজেই আত্মস্থ করতে পেরেছেন।

সাজ্জাদ হুসাইনের ভাষ্য, ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ কেবল একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়; এটি ভবিষ্যতের জন্য একটি মূল্যবান আর্কাইভ। দেশের গুণী মানুষের জীবনগল্প সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই এর মূল উদ্দেশ্য।

গত ৫ থেকে ৮ জুলাই অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। ১৩ পর্বের এই আয়োজন বর্তমানে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রচারিত হচ্ছে। প্রতি সপ্তাহে প্রকাশ করা হবে নতুন একটি পর্ব।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিনিয়োগের নিরাপত্তায় বাঁচবে চলচ্চিত্র শিল্প
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন
ছবি: সংগৃহীত
শুধু তারকা নন, ৬ সন্তানকে নিয়েই অ্যাঞ্জেলিনা জোলির পৃথিবী