জুলাই স্মৃতি জাদুঘর খুলতে নাহিদের আলটিমেটাম

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকরের আহ্বান জানান।
হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন এনসিপির এই নেতা।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিওডি বাংলা/আ








মন্তব্য