জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী আগস্ট মাসেও সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল মজুদ রয়েছে। পাশাপাশি মাসের শেষ নাগাদ এবং আগস্টে নতুন চালান পৌঁছালে মজুদ আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশে ডিজেলের মজুদ রয়েছে প্রায় ৩১ দিনের। এছাড়া অকটেন ৩৬ দিন, পেট্রোল ২০ দিন, ফার্নেস অয়েল ২৫ দিন এবং জেট ফুয়েলের মজুদ ২০ দিনের। স্বাভাবিক চাহিদা মেটানোর জন্য এ মজুদ যথেষ্ট বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ৩১ জুলাইয়ের মধ্যে আরও এক লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। আগস্টে আসবে আরও দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল। ফলে জুলাই ও আগস্টজুড়ে জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হবে না।
মুখপাত্রের দাবি, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ মূলত চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ দূরপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে না। তবে অপরিশোধিত তেলের ক্ষেত্রে বিকল্প সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অফিস সময় কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, এটি নীতিগত বিষয় এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভা পর্যায়ে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য