বগুড়ার ধুনটে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশার বার্তা দেওয়ার পর এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে ধুনট পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনন্দ সরকার লালন (৪২) দীর্ঘদিন ধরে ধুনট বাজারের দ্য গ্রেড শপিং সেন্টারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃত্যুর অল্প সময় আগে লালন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আর পারছি না নিজের সাথে মিথ্যা অভিনয় করতে। কারও কোনো দায় নেই। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই হেরে গেলাম।”
পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বুধবার (২২ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য শাজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য