এবার ওটিটিতে আসছে ‘রকস্টার’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত চলচ্চিত্র রকস্টার এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। দর্শকরা চরকিতে ছবিটি দেখতে পারবেন বুধবার (২৩ জুলাই) থেকে।
বুধবার (১৬ জুলাই) এক ফেসবুক পোস্টে চরকি বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।”

নির্মাতা আজমান রুশোর প্রথম চলচ্চিত্র এটি। এর আগে তিনি পরিচিতি পান বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে । ছবিতে প্রথমবারের মতো একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
চলচ্চিত্রটির গল্পে শাস্ত্রীয় সংগীতশিল্পীর ছেলে আগুন নিজের পরিচয় গড়ে তোলে রক সংগীতের জগতে। দেশ-বিদেশে সাফল্য পেলেও ভালোবাসা ও সম্পর্কের জটিলতায় তার জীবন এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নেয়।
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবির।

রকস্টার ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া ছবির আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও অংকন কুমার।
ভিওডি বাংলা/তা








মন্তব্য