‘যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান চলবে’
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যুক্তরাষ্ট্র পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এবং সাম্প্রতিক হামলায় নিহত শিশুদের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক বার্তায় জোলঘাদর দাবি করেন, অঞ্চলে যেখানেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, সেখানেই যুক্তরাষ্ট্রের কোনো না কোনো সামরিক, নিরাপত্তা বা আর্থিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
তিনি বলেন, ইরানি বাহিনীর ধারাবাহিক ও নির্ভুল হামলা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশটির জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।
জোলঘাদর আরও বলেন, শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ এবং মিনাব, লামের্দসহ বিভিন্ন স্থানে নিহত নিরীহ শিশুদের মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই হামলায় ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মিনাব ও লামের্দ শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্কুল, ক্রীড়াকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলায় শিশুদেরসহ বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন।
ভিওডি বাংলা/আ









মন্তব্য