প্রতি বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু সরকারের একক উদ্যোগে সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং বিদ্যালয়কে কার্যকর সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) স্কুল ফিডিং প্রকল্প আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বিষয়ে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শ্রেণির শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি ‘প্যারেন্ট সার্কেল’ গঠন করতে হবে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অভিভাবকদের নিয়মিত সম্পৃক্ত করা হবে। এতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে উঠবে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি, সমাজের দানশীল ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি ‘বন্ধু রেজিস্টার’ প্রস্তুত করতে হবে। এই নেটওয়ার্ক বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও সামাজিক উদ্যোগে সহায়ক ভূমিকা রাখবে।
ববি হাজ্জাজ বলেন, যে বিদ্যালয় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পারবে, সেই বিদ্যালয়ই সবচেয়ে সফল হবে। কমিউনিটি বিদ্যালয়ের পাশে থাকলে বিদ্যালয়ের সম্পদ দখল, নিম্নমানের খাদ্য সরবরাহ কিংবা বিদ্যালয় নিয়ে অপপ্রচার চালানো কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক, মানবিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষা প্রশাসন, অভিভাবক ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকার শিক্ষক সংকট নিরসন, পিটিআইয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয় ফিডিং কর্মসূচির মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের সফল বাস্তবায়নে শিক্ষক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সুনামগঞ্জের পুলিশ সুপার, স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক, জেলার প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ









মন্তব্য