শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এক বার্তায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে হজের রোডম্যাপ তুলে দেন।
রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য