ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।
বুধবার (২২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো প্রশংসনীয়। তবে তিনি সতর্ক করে বলেন, এই আন্দোলন যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়।
তার ভাষায়, প্রশ্নপত্র ফাঁস শিক্ষা ব্যবস্থার একটি গুরুতর সংকট। তাই বিষয়টি রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে দায়িত্বশীলভাবে সমাধান করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সেখানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।
এর আগে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও প্রকাশ রাজও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। সালমান খানের সমর্থনের পর বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।
ভিওডি বাংলা/তা









মন্তব্য