• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১০০ কোটির রেকর্ড গড়ে সামান্থার আবেগঘন বার্তা

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে সামান্থা রুথ প্রভু অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’। তবে এই সাফল্য উদযাপনের বদলে মুক্তির আগে সিনেমাটি নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল, সেই অভিজ্ঞতার কথাই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এক পোস্টে সামান্থা জানান, সিনেমাটি মুক্তির আগে তার এক বন্ধু একটি ছোট শহরের সিনেমা হলের এক্সিবিটরকে ফোন করে ছবিটি নিয়ে তার প্রত্যাশা জানতে চেয়েছিলেন। তখন সামান্থাও অজান্তেই সেই কথোপকথন শুনছিলেন।

সামান্থার ভাষ্য, তার বন্ধু প্রশ্ন করেছিলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’ নিয়ে আপনার কী ধারণা? প্রথম দিনে কত আয় করতে পারে বলে মনে হয়?’

জবাবে ওই এক্সিবিটর বলেন, ‘একজন নায়িকাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দেখতে মানুষ কেন আসবে? বড় কোনো নায়কের সিনেমায় থাকলে ঠিক আছে, মানুষ তাকে গ্ল্যামারের জন্য চেনে। কিন্তু একজন নায়িকাকে কেন্দ্র করে বানানো সিনেমা? এটা দেখতে কে আসবে? কেউ না।’

সামান্থার মতে, সিনেমাটি মুক্তির আগে এটিই ছিল মানুষের প্রচলিত ধারণা।

তিনি আরও লেখেন, নারীপ্রধান একটি সিনেমা নিয়ে কাজ করতে গিয়ে তিনি নিজেও অনিশ্চয়তায় ভুগেছেন। তার মনে বারবার প্রশ্ন জেগেছে, মানুষ কি আদৌ সিনেমাটির কথা জানছে? প্রচারণা কি দর্শকদের কাছে পৌঁছাচ্ছে? দর্শক কি এই ছবির অস্তিত্ব সম্পর্কে অবগত?

তবে ১০০ কোটি রুপির সাফল্যকে তিনি শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। তার ভাষায়, ‘পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে সাহস করে। বেশিরভাগ সময় সেই ঝুঁকি সফল হয় না। তবে কখনো কখনো হয়। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে।’

পোস্টের শেষদিকে সামান্থা আশা প্রকাশ করেন, আগামীতে যখন কোনো বি বা সি-সেন্টারের এক্সিবিটরের কাছে নারীপ্রধান কোনো সিনেমা নিয়ে মতামত চাওয়া হবে, তখন যেন উত্তরটা সরাসরি ‘না’ না হয়। অন্তত তারা যেন বলেন, ‘দেখা যাক।’ কারণ, চেষ্টা না করলে আসলে কেউই জানে না কী হতে পারে।

বি. ভি. নন্দিনী রেড্ডি পরিচালিত এবং রাজ নিদিমোরু'র সৃজনশীল তত্ত্বাবধানে নির্মিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ গত ১৯ জুন মুক্তি পায়। সামান্থা নিজেই 'ট্রালালা মুভিং পিকচার্স' ব্যানারে রাজ নিদিমোরু ও হিমাঙ্ক রেড্ডি দুভ্বুরুর সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন।

মুক্তির মাত্র ১০ দিনের মধ্যে ছবিটি অনুষ্কা শেঠির ‘অরুন্ধতী’র আয়ের রেকর্ড ভেঙে তেলুগু সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা নারীপ্রধান চলচ্চিত্রে পরিণত হয়।

এছাড়া এই সাফল্যের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে একক প্রধান চরিত্রে অভিনয় করে ১০০ কোটি রুপি আয় করা প্রথম অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েছেন সামান্থা রুথ প্রভু।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন চৌধুরীর
ছবি: সংগৃহীত
কনসার্টে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার
ছবি: সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান’