উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
বগুড়ার সারিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও এস এম মিকাইল ইসলাম উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিত হন। এ সময় সারিয়াকান্দি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি এবং সরকারি সেবা আরও জনবান্ধব করার বিষয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক এবং সারিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন।
এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, প্রশাসনের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। সারিয়াকান্দি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
ভিওডি বাংলা/মনিরুজ্জামান জাহিদ/এমএস









মন্তব্য