• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিন দেশের নাগরিকদের উপর কঠোর পদক্ষেপ সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৪:০১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আফ্রিকার তিন দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান এই তিন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। শুধু সরাসরি নয়, অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

এ ছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ওই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।
সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার প্রতিরোধের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।

ইবোলা-আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা আরও জোরদার করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

সূত্র: গালফ নিউজ

ভিওডি বাংলা/এমএস/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাম মন্দির
রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে বিতর্ক
উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা
সৌদির বৃহত্তম তেল টার্মিনাল খুললো ৪ মাস পর
পিছিয়ে গেল প্যারিসের প্রাইড মার্চ
পিছিয়ে গেল প্যারিসের প্রাইড মার্চ