• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা সানু ও জয় চৌধুরী

বিনোদন ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৮:৩৫ এ.এম.
বিএফডিসিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা। ছবি: সংগৃহীত
বিএফডিসিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

‎শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

‎নির্বাচন কমিশন জানায়, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

‎ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

‎অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

‎এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে ছিল মূল প্রতিদ্বন্দ্বিতা। একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। নির্বাচনের আগে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

‎শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে ভোট গণনার পর শনিবার ভোরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

‎প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব পেলেন সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী।

‎নবনির্বাচিত কমিটির কাছে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

‎ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতি নির্বাচন, কোন তারকা কোন পদে লড়ছেন?
নাজমুল হক ব্রুসলি। ছবি: সংগৃহীত
ক্ষমা না চাইলে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন ব্রুসলি